অবৈধ পথে প্রবেশ

৮ বাংলাদেশিসহ ইন্দোনেশিয়ায়  আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ার রিয়াউ প্রদেশে প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। আটক হওয়া বাকিরা সবাই ইন্দোনেশিয়ার নাগরিক। ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম দ্য জাকার্তা পোস্ট জানিয়েছে, গত সপ্তাহে পশ্চিম দুমাই জেলার পানতাই পুরনামা উপকূলে পৌঁছানোর পর তাদের আটক করা হয়। অবৈধভাবে সীমান্ত পাড়ি দিতে তারা দুই ইঞ্জিনের একটি স্পিডবোট ব্যবহার করেছিলেন।

দুমাই নৌঘাঁটির প্রধান কর্নেল আগুং এন কুসুমাঝি বলেন, পানতাই মুতিয়ারা উপকূলের একটি অবৈধ ঘাট দিয়ে ইন্দোনেশীয় ও বাংলাদেশিদের দলটির দেশে প্রবেশের পরিকল্পনার বিষয়ে তাদের কাছে আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল। ওই তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়। আগুং বলেন, গোয়েন্দা তথ্য পাওয়ার পর যৌথ দলকে পানতাই পুরনামার জলসীমা ও উপকূলে তাদের পথরোধ, নজরদারি ও অনুসন্ধান চালানোর নির্দেশ দেওয়া হয়।

নৌবাহিনীর দলগুলো সুঙ্গাই দুমাই মেরিটাইম পটেনশিয়াল পোস্ট থেকে অভিযানে অংশ নিতে রওনা হয়। অভিযানের নেতৃত্ব দেন নৌঘাঁটির গোয়েন্দা ইউনিটের প্রধান ক্যাপ্টেন ওয়াহইউ উইদি বিদায়াত। অভিযানে অংশ নেওয়া সদস্যদের তিনটি দলে ভাগ করা হয়েছিল। অভিযানে নৌঘাঁটির ‘কুইক রেসপন্স টিম’ ছাড়াও নৌবাহিনীর আরও কয়েকটি ইউনিট অংশ নেয়। এর মধ্যে ছিল ১ নম্বর আঞ্চলিক নৌ কমান্ডের (কোদায়েরাল-১ /বেলাওয়ান) সমুদ্র গোয়েন্দা ইউনিট ‘ইনটেলমার’ এবং ১ নম্বর নৌবহর কমান্ডের (কোয়ারমাদা-১) ইনটেলমার অপারেশনস টাস্কফোর্স।