লাল টুপির ভেতর মিলল ইয়াবা, মুদি দোকানি গ্রেপ্তার

কিশোরগঞ্জের কটিয়াদীতে মুদি দোকানের আড়ালে ইয়াবা বিক্রির অভিযোগে হক মিয়া (৪৩) নামে এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
 
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের নদনা গ্রামের খন্দকার বাড়ি জামে মসজিদ সংলগ্ন হক মিয়ার মুদি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 
 
গ্রেপ্তার হক মিয়া বনগ্রাম ইউনিয়নের নদনা গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হক মিয়া দীর্ঘদিন ধরে মুদি দোকানের আড়ালে মাদক বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, অভিনব কায়দায় মাথায় পরা লাল রঙের টুপির ভেতর ইয়াবা লুকিয়ে রাখতেন তিনি। দোকানে বসেই কৌশলে ইয়াবা বিক্রি করছেন তিনি। পরে শনিবার রাতে কটিয়াদী মডেল থানার পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযান চালিয়ে ওই টুপির ভেতর থেকেই ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। 
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, থানায় যোগদানের পর থেকেই মাদক ও অপরাধ নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হক মিয়ার দোকানে অভিযান চালানো হয়। এ সময় তার মাথায় থাকা টুপির ভেতর থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। 
 
ওসি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার হক মিয়ার বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।