শিল্পায়ন চাই, তবে পরিবেশের ক্ষতি করে নয় বলেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
তিনি বলেন, আমাদের উন্নতির জন্য প্রোডাকশনের দরকার, আমাদের শিল্পায়নের দরকার; কিন্তু সেটা হতে হবে পরিবেশবান্ধব। লক্ষ্য রাখতে হবে যেন পরিবেশের ক্ষতি না হয়। কারণ আমরা যদি বাঁচতেই না পারি তাহলে আমাদের টাকা-পয়সা দিয়ে কোনো লাভ নেই।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১ঘটিকায় গজারিয়ায় উপজেলার অডিটোরিয়ামে বাউশিয়াস গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি ও সমমান পরীক্ষার জিপিএপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে পরিবেশ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশে গাছের ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন, আমরা চাই পলিথিন ও প্লাস্টিক দূষণমুক্ত বাংলাদেশ। তাছাড়া প্রাকৃতিকভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গাছ লাগানোর বিকল্প নেই। আপনারা গাছ লাগান, সেই গাছ পরিচর্যা করুন একদিন এই গাছই আপনার সম্পদে পরিণত হবে। সরকার ইতোমধ্যে তিন কোটি গাছ রোপণ করেছে আরও রোপণের পরিকল্পনা রয়েছে।
পরিবেশ প্রতিমন্ত্রী বলেন,প্লাস্টিক,পলিথিন পচনশীল না ফলে এটি দীর্ঘদিন পরিবেশে টিকে থেকে মাটি ও পানির দূষণ ঘটায়। তাই পলিথিন ও প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে হবে।
পরে তিনি স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে আকিজ ইস্পাত কোম্পানির দূষণ ও খাল ভরাটের অভিযোগ শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় পরিবেশ প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়াসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও জেলা,উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।