চাঁপাইনবাবগঞ্জ শহরের পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় দেওয়া খাবার খেয়ে অন্তত ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেলের মধ্যে অসুস্থ অবস্থায় তাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এনজিও ‘গ্রাম উন্নয়ন কর্ম (গাক)’ নামক একটি বেসরকারি সংস্থার সরবরাহ করা খাবার খাওয়ার পরই এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, প্রতিদিনের মতো রবিবারও শিক্ষার্থীদের মাঝে স্কুল ফিডিং কর্মসূচির বরাদ্দকৃত ডিম ও বনরুটি বিতরণ করা হয়। তবে খাবার গ্রহণের কিছুক্ষণের মধ্যেই কয়েকজন শিক্ষার্থী শারীরিক অসুস্থতা বোধ করতে থাকে। পরবর্তীকালে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি নিশ্চিত করেন যে, তাঁর স্কুলের মোট ১১ জন শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শিক্ষার্থীদের শারীরিক পরিস্থিতির বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো. হাসিবুস সাত্তার জানান, হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের পেটে ব্যথাসহ বিষক্রিয়ার (ফুড পয়জনিং) নানা লক্ষণ পরিলক্ষিত হচ্ছে। প্রাথমিক পর্যবেক্ষণে ধারণ করা হচ্ছে, সরবরাহকৃত খাবার থেকে এই বিষক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে তিনি আশ্বস্ত করে বলেছেন যে, ভর্তি হওয়া শিক্ষার্থীরা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে চরম অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিশুদের অভিভাবকেরা। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের নামে যে খাবার সরবরাহ করা হচ্ছে, সেটির মান সঠিকভাব পর্যবেক্ষণ করা হয় না। এই ধরনের নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবারের কারণেই বারবার শিশুরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও চাঁপাইনবাবগঞ্জের আরও চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বেসরকারি সংস্থা ‘গাক’-এর দেওয়া নিম্নমানের খাবার খেয়ে একইভাবে অসুস্থ হয়ে পড়েছিল।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে ‘গ্রাম উন্নয়ন কর্ম (গাক)’ এর চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়কারী কবির হোসেনের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।