আকাশের রাজা ঈগল

ঈগল পাখির ভয়ংকর চরিত্র লুকিয়ে আছে পায়ের নখে। বিশ্বের সবচেয়ে বড় ঈগলদের মধ্যে অন্যতম হলো ‘হার্পি’ ঈগল। দক্ষিণ আমেরিকার জঙ্গলে বাস করা এই প্রজাতির পাখির নখ এতটাই বড় ও ধারালো যে, সহজে একটি বাঁদর মেরে ফেলতে পারে তারা। ঈগলের নখের দৈর্ঘ্য পাঁচ ইঞ্চি পর্যন্ত হতে পারে। ‘আকাশের রাজা’ নামে পরিচিত এই পাখির শারীরিক গঠন ও উড্ডয়নশৈলী অহংকার ও শ্রেষ্ঠত্বের প্রতীক। ঈগলের চোখ মানুষের চেয়ে প্রায় আট গুণ বেশি শক্তিশালী। দূর থেকে তারা শিকারের সামান্য নড়াচড়া নিখুঁতভাবে দেখে। ঝড়ের সময় অন্য পাখি যখন লুকিয়ে পড়ে, তখন বাতাসের বিপরীতে ডানা মেলে তারা উঁচুতে উঠে যায়। এরা সব সময় পাহাড়ের চূড়া বা অনেক উঁচুতে বসবাস ও উড়তে পছন্দ করে, যা অহংকার ও স্বাধীনতার প্রতীক। এদের ওজন সাধারণত ৩ থেকে ৭ কেজি পর্যন্ত হতে পারে। প্রজাতিভেদে ঈগলের দৈর্ঘ্য, ৪৫-১০৬ সেন্টিমিটার। ঈগলের ডানা অত্যন্ত প্রশস্ত ও শক্তিশালী হওয়ায় তারা আকাশের উঁচুতে অনেকক্ষণ ভেসে থাকতে এবং ঝড়-বৃষ্টির মধ্যে উড়তে পারে। এদের ঠোঁট বড়, শক্ত এবং বাঁকানো, যা শিকারের মাংস ছিঁড়তে সাহায্য করে। এরা জীবিত মাছ, খরগোশ, কাঠবিড়ালী এবং বিভিন্ন ধরনের সাপ ও পাখি শিকার করে। ঈগল সাধারণত ঘন বন, পাহাড়ের চূড়া বা উঁচু গাছের ডালে বিশাল আকৃতির বাসা তৈরি করে। বন্য পরিবেশে ঈগল ২০-৩০ বছর বাঁচে। তবে সুরক্ষিত পরিবেশে জীবনকাল বেশি হতে পারে।