রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ঠাকুরগাঁও প্রেসক্লাবের নেতাদের মতবিনিময়

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের ঠাকুরগাঁও সফরকালে আজ সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সদস্যগণ রাষ্ট্রপতির সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।

নিজ বাসভবনে অনুষ্ঠিত এ মতবিনিময়কালে রাষ্ট্রপতি বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্র, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্রের জন্য অপরিহার্য। তিনি মফস্বলভিত্তিক সাংবাদিকদের তৃণমূল ও প্রান্তিক মানুষের কথা নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান।  

ঠাকুরগাঁও-এর সাংবাদিক নেতৃবৃন্দ দেশের মফস্বল সাংবাদিকদের বিভিন্ন অসুবিধা ও দাবি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভবন সম্প্রসারণ, ফ্যাসিস্ট সরকারের সময় ঠাকুরগাঁও-এর স্থানীয় নির্যাতিত সাংবাদিকদের জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দসহ সংবাদিকদের ওয়েজবোর্ড গঠনের ব্যাপারেও রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন। 

রাষ্ট্রপতি সাংবাদিকদের আস্বস্ত করে বলেন, সাংবাদিকদের অসুবিধা ও দাবিগুলি পূরণে তিনি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। রাষ্ট্রপতি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় রাষ্ট্রপতির প্রেস সচিব, সরওয়ার আলম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ এবং ঠাকুরগাঁও প্রেসক্লাবের নির্বাহী পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।