পটুয়াখালীর দুমকিতে বিশেষ অভিযানে ১০ পিস অবৈধ অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রবিবার (৬ সেপ্টেম্বর) রাত পৌণে ১২টার দিকে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুমকি সাতানী এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, দুমকি থানার এসআই (নিরস্ত্র) মো. তাওহীদুর রহমান মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দুমকি সাতানী মোহাম্মাদিয়া জামে মসজিদের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকরা হলেন- দুমকি সাতানী এলাকার মো. মনির হাওলাদার (৪৫) এবং রুপাশিয়া এলাকার মো. আবু তালেব হাওলাদার (৪৩)। ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যার এফআইআর নম্বর-০৭, সোমবার (৭ সেপ্টেম্বর)। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সাভারে পুলিশ হত্যার মামলায় গ্রেপ্তার ৯, রিমান্ডের আবেদন