নিমিষেই ঝড় তুললেন দানানির মোবিন

প্রকাশ্যে এসেছে পাকিস্তানি নাটক ‘হুরমত’-এর টিজার। আর টিজার প্রকাশের পর নিমিষেই শোরগোল ফেলে দিলেন অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দানানির মোবিন। এর মাধ্যমে আবারও আলোচনায় ‘পাওরি গার্ল’ খ্যাত এই অভিনেত্রী। দানানির মোবিনই ‘হুরমত’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। টিজার দেখে অনেকেই ধারণা করছেন, হুরমত এমন এক তরুণীর, যে নিজের বাড়িতেই কার্যত বন্দি। তার বাবা মেয়ের চলাফেরা ও জীবনের ওপর তার কঠোর নিয়ন্ত্রণ করেন। এমনকি বিশ্ববিদ্যালয়ে পড়ার অনুমতিও নেই তার। 

টিজারের একটি দৃশ্যে জীবনে প্রথমবারের মতো বাড়ির ভেতর থেকে আকাশের দিকে তাকাতে দেখা যায় হুরমতকে। নিজের স্বপ্ন আর ইচ্ছাগুলো যেন চারপাশের নিষেধাজ্ঞার দেয়ালে আটকে আছে। সেই বন্দিদশা থেকেই ধীরে ধীরে নিজের পরিচয় খুঁজে পাওয়ার পথে এগিয়ে যাবে হুরমত, এমনই ইঙ্গিত মিলেছে। 

জানা গেছে, ‘হুরমত’ প্রচার হবে পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘হিউম টিভি’তে। নাটকটির গল্প লিখেছেন কাশিফ আনোয়ার। কাশিফ আনোয়ার তার গল্পে মূলত সমাজের গুরুত্বপূর্ণ নানা বিষয় তুলে ধরেন। সেই হিসেবে ‘হুরমত’ও যে কেবল একজন নারীর স্বাধীনতা অর্জনের গল্প হবে না, তার ইঙ্গিত এরই মধ্যে মিলেছে। মোমিনা দুরাইদের প্রযোজনায় নির্মিত নাটকটি পরিচালনা করেছেন নাদিম সিদ্দিক। গল্পে থাকছে নানা বাঁক ও চমক। তবে ‘হুরমত’ কবে থেকে প্রচার শুরু হবে, তা এখনো ঘোষণা করা হয়নি।