বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবসে এভারকেয়ারের র‍্যালি ও পেশেন্ট ফোরাম

বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস উপলক্ষে এভারকেয়ার হসপিটাল ঢাকার ক্যান্সার কেয়ার সেন্টার একটি র‍্যালি ও পেশেন্ট ফোরামের আয়োজন করেছে। ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপির অপরিহার্য ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, চিকিৎসার সহজলভ্যতা নিশ্চিত করা এবং রেডিওথেরাপি সম্পর্কে প্রচলিত বিভ্রান্তি দূর করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা, অনকোলজিস্ট, অন্যান্য চিকিৎসক, হাসপাতালের কর্মী ও রোগীরা। এ সময় রেডিওথেরাপির অগ্রগতি, রোগীদের চিকিৎসাসেবা প্রদান এবং রেডিওথেরাপি নিয়ে প্রচলিত বিভ্রান্তি দূর করার বিষয়ে আলোচনা করা হয়। ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপির গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।

এর আগে দিবসটি উপলক্ষে একটি বিশেষ র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিতে অংশ নেন এভারকেয়ারের কর্মকর্তারা, চিকিৎসক, নার্স, আমন্ত্রিত অতিথি এবং স্থানীয় কমিউনিটির সদস্যরা।

এ প্রসঙ্গে রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও কোঅর্ডিনেটর ডা. বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, ‘রেডিওথেরাপি নিয়ে অনেকের মধ্যে এখনও বিভিন্ন দ্বিধা ও ভুল ধারণা থাকলেও সহজ ও নির্ভরযোগ্য তথ্যের মাধ্যমে এসব সংশয় দূর করা সম্ভব। সেইসঙ্গে আধুনিক রেডিওথেরাপির পরিকল্পিত ও নিয়ন্ত্রিত প্রয়োগ নিশ্চিত করতে হবে। আর তখনই এটি নিয়ে সব ভ্রান্ত ধারণা দূর হবে বলে আমি মনে করি।’

রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. আরমান রেজা চৌধুরী বলেন, ‘রেডিওথেরাপির অগ্রগতির ফলে আজ ক্যান্সার চিকিৎসা আরও নির্ভুল ও কার্যকর হয়ে উঠছে। তবে এর উপকার তখনই অর্থবহ হবে, যখন সাধারণ মানুষ এর ভূমিকা ও গুরুত্ব সম্পর্কে সচেতন হবে এবং নির্ভয়ে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারবে। জীবনরক্ষাকারী এই চিকিৎসাপদ্ধতি শিগগিরই দেশব্যাপী রোগীদের কল্যাণে কাজে আসবে বলে আমি আশা প্রকাশ করছি।’