দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৪ জন মারা গেছেন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩১৪ জন ডেঙ্গু রোগী।
সোমবার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২১ জনে। তাদের মধ্যে সেপ্টেম্বর মাসের ৭ দিনেই মারা গেছেন ২৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ১৩৯ জন, দক্ষিণ সিটির ১৪৩ জন এবং দুই সিটির বাইরে ঢাকা বিভাগের ২২৫ জন রয়েছেন।
এ ছাড়া বরিশাল বিভাগে ১৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৮ জন, খুলনায় ২৩৫ জন, ময়মনসিংহে ৮১ জন, রংপুরে ৩৬ জন, রাজশাহীতে ৯৯ জন এবং সিলেটে ৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত ৪৩ হাজার ৯০৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪০ হাজার ৭০৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।