ময়মনসিংহের ত্রিশালে বিশেষ অভিযান চালিয়ে চোরাই অটোরিকশাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে চুরি যাওয়া একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
ত্রিশাল থানা সূত্রে জানা যায়, ত্রিশাল থানার ওসি (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেলের নেতৃত্বে এসআই তারেক হাসান, এসআই আবুল কালাম আজাদ ও এসআই মো. শফিকুল ইসলামসহ পুলিশের একটি বিশেষ দল রবিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
অভিযানে উপজেলার ধনীখোলা ইউনিয়নের দাসপাড়া (হাজী বাড়ি সংলগ্ন) এলাকা থেকে আব্দুল আজিজ (৩৪) ও শাকিল আহমেদ (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার মধ্য বাড়েরা এলাকায় অভিযান চালিয়ে মো. আহাদ হোসাইন (২০) ও মো. আবুল হোসেন (৩২) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার চারজনের হেফাজত থেকে বাদীর চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।
ত্রিশাল থানার ওসি (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেল জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চুরি ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।