চট্টগ্রাম নগরীর খুলশীতে হিজড়া নেত্রী মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়া (৫২) হত্যার ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে মোমিন ওরফে শেখ রনি (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, নিহত মৌসুমীর বাসায় আসা-যাওয়া করতে দেখা যাওয়ার সূত্র ধরে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মোমিন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সব্দলপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি এলাকায় নিজ বাসায় একাই থাকতেন মৌসুমী। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ১৪ মিনিটে সাদা টি-শার্ট পরা এক যুবককে তার বাসায় ঢুকতে দেখা যায়। প্রায় তিন ঘণ্টা পর রাত ৩টা ৫২ মিনিটে ওই যুবক বাসা থেকে বের হয়ে যান। এরপর বাসা থেকে মৌসুমীর মরদেহ উদ্ধার করা হয়।
খুলশী থানার এসআই গোলাম মোহাম্মদ নাসিম জানান, মৌসুমীকে মারধর ও শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মোমিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশের প্রাথমিক ধারণা, গরু বিক্রির চার লাখ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হতে পারে।
নিহত মৌসুমী হিজড়া সম্প্রদায়ের কাছে ‘গুরুমা’ হিসেবে পরিচিত ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। বাসার পেছনে তিনি একটি গরুর খামার পরিচালনা করতেন। ঘটনার আগের দিন একটি গরু বিক্রি করেছিলেন এবং সেই টাকা বাসায় রাখা ছিল বলে জানা গেছে।
চট্টগ্রামে নিজ ঘর থেকে হিজড়া নেত্রীর মরদেহ উদ্ধার