১১ সেপ্টেম্বর চট্টগ্রামে ‘অর্থহীন’-এর কনসার্ট

প্রায় ৫ বছর পর নতুন লাইনআপ নিয়ে গানে ফিরছে ‘অর্থহীন’। আগামী ১১ সেপ্টেম্বর বন্দরনগরী চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে আয়োজিত ‘ওভারলোড ফেস্টিভ্যাল ২০২৬’- পারফর্ম করবে দলটি। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্টের আয়োজনে এ কনসার্টে অর্থহীনসহ দেশের মোট ছয়টি ব্যান্ড পারফর্ম করবে। অন্য ব্যান্ডগুলো হলো অ্যাভয়েড রাফা, এ কে রাহুল, নেমেসিস, লেভেল ফাইভ ও তীরন্দাজ।

এর আগে গত জুলাইয়ে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আটটি ব্যান্ডের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছিল ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ এর প্রথম আসর। ঢাকার সফল আয়োজনের পর এবার একই শিরোনামে কনসার্টটি চট্টগ্রামে নিয়ে যাচ্ছে আয়োজক প্রতিষ্ঠান লাইভ ওয়েব। অনলাইন টিকিট প্ল্যাটফর্ম ‘গেট সেট রক’-এর ওয়েবসাইটে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা।