মৌসুমীর নতুন সিনেমা আ বিউটিফুল লাই

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ এএম

যুক্তরাষ্ট্রে প্রবাসী হওয়ার পর থেকে বিনোদন জগৎ থেকে খানিকটা আড়ালে থাকলেও ক্যামেরার আলো থেকে পুরোপুরি দূরে সরে যাননি ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী। প্রবাসী জীবনের নানান ব্যস্ততার মধ্যেই দর্শকদের জন্য নিয়ে আসছেন নতুন এক চমক। এবার ‘আ বিউটিফুল লাই’ শিরোনামের একটি থ্রিলারধর্মী নতুন সিনেমায় দেখা যাবে এই জনপ্রিয় নায়িকাকে।

ছবিটি পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। একটি টানটান উত্তেজনার রোড ট্রিপ ও একটি মিথ্যার ওপর গড়ে ওঠা ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্রটি। শুরুতে এটি টেলিফিল্ম হিসেবে নির্মাণের পরিকল্পনা থাকলেও পরবর্তী সময়ে পরিসর বড় করে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে জোরকদমে চলছে চিত্রনাট্য চূড়ান্ত করার কাজ।

নতুন সিনেমা প্রসঙ্গে মৌসুমী জানান, থ্রিলারধর্মী ও উপভোগ্য একটি গল্পের অংশ হতে পেরে তিনি বেশ আনন্দিত। এর আগে যুক্তরাষ্ট্রে নির্মিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে নানান বিতর্ক তৈরি হলেও সব বিতর্ক পেছনে ফেলে নতুন এই সিনেমা দিয়ে দর্শক হৃদয়ে পুনরায় নিজের অবস্থান জোরালো করার প্রস্তুতি নিচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী। খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে সিনেমাটির দৃশ্যধারণের কাজ।

সর্বশেষ সর্বাধিক পঠিত