শুটিং শেষ মিমের জীবন অপেরা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ এএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম শেষ করলেন তার নতুন সিনেমা ‘জীবন অপেরা’র শুটিং। সিনেমাটি পরিচালনা করেছেন আলভী আহমেদ। যদিও প্রযোজনা বা পরিচালনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবে মিম নিজেই কাজটি সম্পন্ন করার বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্মাতা আলভী আহমেদের নির্দেশনায় এটিই মিমের প্রথম কাজ। নতুন এই অভিজ্ঞতা ও চলচ্চিত্রটি নিয়ে বেশ আশাবাদী এই অভিনেত্রী। তিনি জানান, শুটিংয়ের কাজ পুরোপুরি শেষ হলেও আপাতত গল্পের বিষয়বস্তু বা অন্যান্য বিস্তারিত তথ্য গোপন রাখা হচ্ছে। খুব শিগগিরই প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিকভাবে বিস্তারিত গণমাধ্যমকে জানাবে।

নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটেছিল মিমের। পরে প্রয়াত খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকীর আলো’ সিনেমায় অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার অভিনয় জীবনের সবচেয়ে বড় ব্যবসায়িক সফল সিনেমা রায়হান রাফির ‘পরান’। মিম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি সাইফ চন্দনের ‘মালিক’, যেখানে তার বিপরীতে ছিলেন আরিফিন শুভ।

ছোট পর্দায় মিজানুর রহমান আরিয়ানের নাটকে অভিনয় করে যেমন তিনি কুড়িয়েছেন প্রশংসা, তেমনই অভিনয়ের পাশাপাশি সাহিত্যচর্চায়ও নিজের ছাপ রেখেছেন। ২০১২ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় তার প্রথম গল্পের বই ‘শ্রাবণের বৃষ্টিতে ভেজা’ এবং পরবর্তী বছরে আসে উপন্যাস ‘পূর্ণতা’। বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি এক ডজনেরও বেশি বহুজাতিক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত