ব্যাংকের ঋণগ্রহীতা কর্তৃক গৃহীত বা গৃহীতব্য ঋণের বিপরীতে প্রদত্ত জামানত মূল্যায়নের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক যোগ্য জামানত মূল্যায়নকারী প্রতিষ্ঠান বা কোম্পানি হিসেবে ১৩১টি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা হয়েছে।
'জামানত মূল্যায়নকারী প্রতিষ্ঠান বা কোম্পানীর তালিকাভুক্তিকরণ নীতিমালা' এর আলোকে সোমবার (৭ সেপ্টেম্বর) সার্কুলারের মাধ্যমে এ তালিকা প্রকাশ করা হয়।
তালিকাভুক্ত প্রতিষ্ঠানসমূহের মধ্যে ৯৮টি প্রতিষ্ঠানকে 'ক' গ্রুপে এবং অবশিষ্ট ৩৩টি প্রতিষ্ঠানকে 'খ' গ্রুপে শ্রেণিভুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানসমূহের তালিকা শ্রেণি বিভাজনসহ 'সংযোজনী-ক' এবং 'সংযোজনী-খ' তে অন্তর্ভুক্ত করা হলো।
এখন থেকে ব্যাংকের ঋণগ্রহীতা কর্তৃক গৃহীত বা গৃহীতব্য ঋণের বিপরীতে প্রদত্ত জামানতের মূল্যায়ন কার্যক্রম উল্লিখিত নীতিমালায় বর্ণিত নির্দেশনা অনুযায়ী তালিকাভুক্ত প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে সম্পাদন করার জন্য তফসিলি ব্যাংকসমূহকে পরামর্শ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, আলোচ্য তালিকাভুক্তি আগামী ৩ (তিন) বছর মেয়াদের জন্য প্রযোজ্য হবে। তালিকাভুক্ত প্রতিষ্ঠানসমূহকে মেয়াদপূর্তির ৬ (ছয়) মাস পূর্বে পুনরায় তালিকাভুক্তির জন্য আবেদন করতে হবে।
তবে সার্কুলারে প্রদত্ত শর্ত/নির্দেশনা সঠিকভাবে পরিপালন করতে ব্যর্থ হলে, কিংবা কোনো যুক্তিসঙ্গত কারণে ৩ বছরের পূর্বে যে কোনো সময়ে যে কোনো প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংক অ-তালিকাভুক্ত করতে পারবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।