বৈদেশিক মুদ্রার আমানত জামানত রেখে ঋণ নেওয়ার সুযোগ বাড়ল

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম

প্রবাসী বাংলাদেশি ও অনাবাসীদের বৈদেশিক মুদ্রায় রাখা আমানত জামানত হিসেবে ব্যবহার করে ঋণ নেওয়ার সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব আমানত জামানত রেখে স্থানীয় মুদ্রায় শুধু কার্যকরী মূলধন ঋণ নয়, ভোক্তা ঋণসহ স্বল্পমেয়াদি বিভিন্ন ধরনের অর্থায়ন নেওয়া যাবে।

বৃস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, ২০২৫ সালের ৩ জুলাই জারি করা এফই সার্কুলার নম্বর-২৭ অনুযায়ী, অফশোর ব্যাংকিং ইউনিটগুলো (ওবিইউ) অনাবাসী হিসাবধারীদের বৈদেশিক মুদ্রার আমানত সংশ্লিষ্ট দেশীয় ব্যাংকিং ইউনিটের (ডিবিইউ) মাধ্যমে দেশের আবাসিক কোম্পানি, প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ঋণ দেওয়ার ক্ষেত্রে জামানত হিসেবে ব্যবহার করতে পারে।

নতুন নির্দেশনায় এ সুবিধার পরিধি আরও বাড়ানো হয়েছে। বৈদেশিক মুদ্রা লেনদেনের নির্দেশিকার ১৩ নম্বর অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় অংশ অনুযায়ী পরিচালিত ব্যক্তিগত বৈদেশিক মুদ্রার হিসাব এবং অনাবাসী বৈদেশিক মুদ্রা আমানত হিসাবের স্থিতি জামানত হিসেবে ব্যবহার করা যাবে।

এর মাধ্যমে দেশের আবাসিক কোম্পানি, প্রতিষ্ঠান ও ব্যক্তিকে স্থানীয় মুদ্রায় স্বল্পমেয়াদি কার্যকরী মূলধন ঋণ দেওয়া যাবে। পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে স্থানীয় মুদ্রায় স্বল্পমেয়াদি ঋণ বা ভোক্তা ঋণের বিপরীতে এসব বৈদেশিক মুদ্রার আমানত জামানত হিসেবে গ্রহণ করা যাবে। এ সুবিধা প্রবাসী বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

তবে ঋণ দেওয়ার ক্ষেত্রে আগের সার্কুলারের ২, ৩ ও ৪ নম্বর অনুচ্ছেদে দেওয়া নির্দেশনা যথাযথভাবে পরিপালন করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২০২৫ সালের ৩ জুলাই জারি করা সংশ্লিষ্ট সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত