বিমানে চড়ে ভিডিও করার পর সেই উড়োজাহাজকে প্লাস্টিকের খেলনা বিমানের সঙ্গে তুলনা করে মামলা খেতে হলো ভারতীয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহিকে। তার বিরুদ্ধে ভারতের গুজরাটের গান্ধীনগর আদালতে ৩ কোটি রুপির মানহানির মামলা দায়ের করেছে দেশটির এভিয়েশন কোম্পানি ডিউনস এভিয়েশন। একাধিক ভারতীয় মাধ্যমের খবর অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে ডিউনস এভিয়েশনের সেসনা সাইটেশন সিজে টু বিমানে মুম্বাই থেকে জয়পুর যাচ্ছিলেন নোরা ফাতেহি। ভ্রমণের সময় তিনি উড়োজাহাজের ভেতরের একটি ভিডিও ধারণ করে নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন।
ভিডিওতে নোরা ফাতেহি সেই বিমানকে ‘খেলনা’ এবং ‘লেগো এয়ারপ্লেন’ (প্লাস্টিকের খেলনা বিমান) বলে আখ্যা দেন। একটি চার্টার্ড ফ্লাইটকে নিয়ে এমন মন্তব্য ভালোভাবে নেয়নি এভিয়েশন কোম্পানিটি। তাদের দাবি, নোরার এই মন্তব্যগুলো বেপরোয়া, দায়িত্বজ্ঞানহীন এবং কোনো প্রযুক্তিগত জ্ঞান বা বাস্তব ভিত্তি ছাড়া করা হয়েছে।
ডিউনস এভিয়েশনের দাবি, সোশ্যাল মিডিয়ায় নোরার বিপুলসংখ্যক অনুসারী থাকায় এই নেতিবাচক মন্তব্যের কারণে কোম্পানির সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। এর ফলে তাদের ব্যবসায়িক ক্ষতি হয়েছে এবং বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমে যাওয়ার পাশাপাশি ফ্লাইট বাতিলের হারও বেড়েছে। ক্ষতিপূরণ হিসেবে এই তারকার কাছে ৩ কোটি রুপি দাবি করেছে কোম্পানিটি। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া থেকে ওই ভিডিও ও আনুষঙ্গিক বিষয় মুছে ফেলার পাশাপাশি প্রকাশ্যে নোরার কাছে ব্যাখ্যাও দাবি করা হয়েছে।