ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন কেপিআইভুক্ত এলাকার অভিজাত সেন্টার পয়েন্ট শপিংমলের একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিটের প্রায় ৫৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে উত্তরা ও বিমানবন্দর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বেলা ১টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বিমানবন্দর ও তৎসংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং পথচারী ও স্থানীয়দের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, রাজধানীর উত্তরা এলাকার বিমানবন্দরের পাশে একটি ছয়তলা ভবনের পাঁচতলায় রেস্টুরেন্টে দুপুর পৌনে ১টার দিকে আগুন লাগে। উত্তরা এবং বিমানবন্দর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।