সুনিধির বিস্ফোরক মন্তব্যে পাল্টা চাবুক নেহার

রিয়েলিটি শো’কে ‘স্ক্রিপটেড’ মন্তব্য করায় এবার ভারতের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহানকে কড়া আক্রমণ করলেন আরেক গায়িকা নেহা কাক্কর। সুনিধিকে ‘আঙুল ফল টক’ বলেও কটাক্ষ করেন নেহা। এ কারণে গায়িকা নিজেই নেটিজেনদের তীব্র ক্ষোভের মুখে পড়েছেন। 

সম্প্রতি শেখর সুমন এবং রাজ শামানির সঙ্গে আড্ডায় সুনিধি চৌহান রিয়েলিটি শোয়ের গোপন হাঁড়ি হাটে ভেঙেছিলেন। তিনি জানান, বর্তমানে রিয়েলিটি শোতে প্রতিযোগী ও বিচারকদের পারফরম্যান্সে অবাধে অটোটিউন ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া টিআরপির জন্য দর্শকদের আবেগ নিয়ে খেলা করা এবং শো-নির্মাতারা আগে থেকেই নির্দিষ্ট কোনও প্রতিযোগীকে প্রশংসা করার নির্দেশ দেন। এসব কারণেই রিয়েলিটি শোয়ের বিচারক আসন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন উল্লেখ করেন সুনিধি। 

এ দিকে সুনিধির সেই বিস্ফোরক অভিযোগের জবাবে পাল্টা চাবুক চালান নেহা কাক্কর। রিয়্যালিটি শোয়ের জনপ্রিয়তা কমে যাওয়া প্রসঙ্গে গর্বের সাথে নেহা দাবি করেন, ‘আমি করা বন্ধ করে দিয়েছি বলেই রিয়্যালিটি শোয়ের টিআরপি কমে গেছে! আমি যতদিন করছিলাম, ততদিন টিআরপি ছিল একদম তুঙ্গে।’ 

সুনিধি চৌহানের নাম না নিয়ে তাকে উদ্দেশ্য করে নেহা জানান, ‘যে যা খুশি বলতে পারে, কিন্তু এই শো কোনোভাবেই স্ক্রিপ্টেড নয়। তিনি বলেন, ‘দুঃখিত, তবে আমি বলতে চাই— 'আঙুর না পেলে আঙুর ফল টক!' মানুষ যখন নিজের মনের মতো কিছু পায় না, তখন তারা ওভাবেই বলে। যে আঙুর হাতে পায় না, তার কাছে ওটা টকই লাগবে। কারও জীবনের কষ্ট বা ব্যাকগ্রাউন্ড শুনে আমি যদি আবেগপ্রবণ হয়ে পড়ি, তবে সেটা একদম খাঁটি ও স্বাভাবিক।’ 

সুনিধি চৌহানের মতো এক বিশ্ববরেণ্য গায়িকাকে এভাবে অসম্মান করায় তীব্র কটাক্ষের মুখে পড়েছেন নেহা। সমাজমাধ্যমে একজন লিখেছেন, ‘এই পর্যায়ের অহংকার আর ভ্রান্ত ধারণা সত্যিই মারাত্মক!’ অন্য এক নেটিজেনের মন্তব্য, ‘অত্যন্ত অপমানজনক! কাক্কর পরিবারের কেউ স্টুডিওতেও ঠিকঠাক গাইতে পারে না, আর সুনিধি চৌহান ভারতের সেরা লাইভ কনসার্ট পারফর্ম করেন।’