১০ম গ্রেডের নিয়োগ নিয়ে সরকারের উদ্যোগের সমালোচনায় হাসনাত

১০ম গ্রেডের নিয়োগ কার্যক্রম বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছ থেকে সরিয়ে নিয়ে সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার উদ্যোগের অভিযোগ তুলে এর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি দাবি করেছেন, নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করার নামে সরকার নিজেদের কমিটি গঠন করে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিচ্ছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

পোস্টে তিনি লেখেন, ‘নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করার নামে বিএনপি সরকার আরেকটি বাজে কাজ করতে যাচ্ছে। ১০ম গ্রেডের নিয়োগ পিএসসির কাছ থেকে সরিয়ে নিয়ে নিজেদের কমিটি গঠন করে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

হাসনাত বলেন, অন্যান্য ১০ম গ্রেডের পদের মতো উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগও দীর্ঘদিন ধরে সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসির মাধ্যমে হয়ে আসছে। মন্ত্রণালয় শূন্য পদের সংখ্যা জানায়, পিএসসি পরীক্ষা নিয়ে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করে এবং পরে মন্ত্রণালয় নিয়োগ দেয়। তাঁর দাবি, এভাবে নিয়োগ কার্যক্রম ভালোভাবেই চলছিল।

সরকার সব নিয়োগ নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাইছে দাবি করে তিনি বলেন, পিএসসির অধীনে হওয়া নিয়োগ দ্রুত করতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও জনপ্রশাসন সচিবকে নিয়ে একটি কমিটি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটিটি নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করতে কাজ করবে।

এ উদ্যোগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে হাসনাত লেখেন, ‘কেনো পিএসসি কী পারছে না? পিএসসি কী কোথায় বলেছে, “আমরা পারছি না”। খালি চোখেই বোঝা যাচ্ছে, সরকার নিয়োগকে নিয়ন্ত্রণ করতে চাইছে।’

নিয়োগে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সম্ভাব্য উদ্দেশ্য নিয়েও মন্তব্য করেন তিনি। হাসনাতের ভাষ্য, ‘উদ্দেশ্য হতে পারে পছন্দের ব্যক্তিদের নিয়োগ করা কিংবা দুর্নীতির মাধ্যমে নিয়োগ করা।’

পোস্টে ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের প্রসঙ্গ তুলে হাসনাত বলেন, সরকারি চাকরিতে নিয়োগে বৈষম্যের কারণেই দেশের ছাত্ররা আন্দোলনের সূত্রপাত করেছিল এবং সেখান থেকে ‘কালজয়ী অভ্যুত্থান’ হয়েছে।

সরকারকে সতর্ক করে তিনি বলেন, ‘ক্ষমতা আর সংখ্যাগরিষ্ঠতার জোরে তা ভুলে গেলে সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা কিন্তু জাগ্রত আছে।’

সবশেষে নিয়োগে দুর্নীতির মাধ্যমে লাভবান হওয়ার চিন্তার সমালোচনা করে হাসনাত বলেন, ‘নিয়োগে হাত দিয়ে দুর্নীতি করে লাভবান হওয়ার যে চিন্তা করছেন, এটা কিন্তু কখনোই ইতিবাচক ফল বয়ে আনবে না।’