‘স্টার স্টোরিজ’-এ স্বাগতা

‘স্টার স্টোরিজ’-এর দ্বিতীয় পর্বে অতিথি হয়ে আসছেন অভিনেত্রী ও শিল্পী জিনাত শানু স্বাগতা। অনুষ্ঠানটি আজ বৃহস্পতিবার রাত ৮টায় আগামীর সময় এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে।

নাবিলা মারজুকের প্রযোজনায় এবং পান্থ আফজালের উপস্থাপনায় এই আড্ডায় ক্যারিয়ারের জটিলতা ও ব্যক্তিগত দর্শন নিয়ে মুখ খুলেছেন স্বাগতা। সামাজিক মাধ্যমের নেটিজেনদের দ্বিচারিতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, বর্তমান সমাজ অন্যের একাধিক বিয়ে, লিভ-ইনের মতো চর্চাগুলো দেখতে পছন্দ করলেও নিজের জীবনে তা সহজে গ্রহণ করতে পারে না।

একই সঙ্গে বিনোদন জগতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এই তারকা। তার মতে, ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, লবিং ও সিন্ডিকেটের প্রভাবে যোগ্য শিল্পীরা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন। নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ভালো অভিনয় করা সত্ত্বেও তাঁকে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। এ ধরনের কোণঠাসা পরিস্থিতির কারণেই তার মতো অনেক দক্ষ শিল্পী হতাশ হয়ে কাজ ছাড়তে বাধ্য হচ্ছেন। আলাপচারিতার পাশাপাশি পর্বে রয়েছে মজার ফান অ্যান্ড গেম ও র‌্যাপিড ফায়ার রাউন্ড।