হিন্দি সিনেমার জনপ্রিয়তা বিশ্বব্যাপী। যুগ যুগ ধরে এই ইন্ডাস্ট্রি মাতিয়ে যাচ্ছেন দেশি-বিদেশি অভিনেতা-অভিনেত্রীরা। সেই তালিকায় রয়েছে ইরানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী এলনাজ নরৌজির নামও। রব উঠেছে, এবার তিনি পুরোপুরি থিতু হতে যাচ্ছেন বলিউডের বিনোদন অঙ্গনে। তবে এলনাজ নিজেই জানিয়েছেন, তার চোখ এখন হলিউডের দিকে।
ইরানের রক্ষণশীল সমাজ থেকে উঠে আসা এলনাজের সাহসী ও খোলামেলা অভিনয় নজর কাড়ে সবার। আবেদনময়ী এই অভিনেত্রী দুর্দান্ত অভিনয় করে দর্শক হৃদয়ে আলোড়ন তোলেন। পারিপার্শ্বিকতার চাপে পিষ্ট হয়ে এক দেশ থেকে অন্য দেশে, এক সংস্কৃতি থেকে অন্য সংস্কৃতিতে মানিয়ে নিয়েই বড় হয়েছেন তিনি। আর এভাবেই গড়েছেন নিজেকে, উঠে এসেছেন আলোচনার শীর্ষে।
সম্প্রতি সালমান খানের সঞ্চালনায় ‘বিগ বস সিজন ২০’ শুরু হয়েছে। জনপ্রিয় এই রিয়েলিটি শো শুরু হওয়ার পরপরই গুঞ্জন ওঠে, বিগ বসের রঙিন ঘরে দেখা যাবে ইরানি মডেল এলনাজ নরৌজিকে। খবর চাউর হওয়ার সঙ্গে সঙ্গে নড়েচেড়ে বসেন বলিউডের বেশ কয়েকজন নামি প্রযোজক-পরিচালক।
‘দ্য ফিক্স’, ‘স্যাক্রেড গেমস’, ‘কান্দাহার’-এর মতো সিনেমায় অনবদ্য অভিনয় করা এই অভিনেত্রীকে ‘দ্য ট্রেইটর্স’-এ দেখে দর্শকরাও অপেক্ষায় ছিলেন। তবে সেই জল্পনায় জল ঢেলে দিলেন এলনাজ নিজেই। বিগ বসের ড্রামা নয়, এলনাজের চোখ আপাতত এখন হলিউডের বড় পর্দায়।
হলিউডে ‘দ্য ফিক্স’-এর বিশ্বব্যাপী প্রচারণায় ব্যস্ত এলনাজের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘বিগ বস’-এ অংশ নেওয়ার খবরের কোনো সত্যতা নেই। বর্তমানে লস অ্যাঞ্জেলেসে নিজের নতুন সিনেমা নিয়েই ব্যস্ত ইরানি অভিনেত্রী। গাই মোশে পরিচালিত এই অ্যাকশন থ্রিলারে তার সহশিল্পী হিসেবে আছেন লিয়াম নিসন ও জ্যাকারি লেভির মতো তারকা। আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
‘স্যাক্রেড গেমস’-এ ‘জয়া মির্জা’ চরিত্রের মাধ্যমে ভারতীয় দর্শকের কাছে এলনাজ নরৌজি পরিচিত হয়ে ওঠেন। সেখান থেকে বলিউডের গ-ি পেরিয়ে ধীরে ধীরে বিশ^মঞ্চে নিজের শক্ত অবস্থান তৈরি করছেন এই অভিনেত্রী।
শরণার্থী জীবন থেকে মুম্বাইয়ের স্বপ্নের ঠিকানা পর্দার ঝলমলে জীবনের আড়ালে এলনাজের জীবন সংগ্রাম রূপকথার মতো। ইরানে জন্ম নেওয়া এলনাজের পরিবার জার্মানি গিয়ে শরণার্থী হিসেবে দিন কাটিয়েছে। তীব্র আর্থিক টানাটানির মধ্য দিয়ে এক সংস্কৃতি থেকে অন্য সংস্কৃতিতে মানিয়ে নিয়ে বড় হতে হয়েছে তাকে।
সম্প্রতি ফারাহ খানের একটি শোয়ে মুম্বাইয়ের নিজের বিলাসবহুল বাড়ি ঘুরে দেখানোর সময় শৈশবের সেই সংগ্রামের কথা মনে করেন এলনাজ। প্রায় এক দশক ধরে ভারতে বসবাস করা এই অভিনেত্রীর মুম্বাইয়ের বাড়িটিতে সাজানো রয়েছে পারস্য সংস্কৃতির ছোঁয়ায় যেখানে ঐতিহ্যবাহী কার্পেট ও শিল্পকর্মের নিখুঁত ছোঁয়া মনে করিয়ে দেয় তার শিকড়কে।
বিগ বসের বিতর্ক ও ক্যামেরাবন্দি জীবনকে পেছনে ফেলে আপাতত হলিউডে নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় এলনাজ নরৌজি। শূন্য থেকে শুরু করে মুম্বাই হয়ে হলিউডের রাজপথে পৌঁছানোর এই গল্পে তিনি প্রমাণ করছেন চেষ্টা থাকলে স্বপ্ন সত্যি করা সম্ভব।