চট্টগ্রামের সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকালে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ তিনটি ট্রাক জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় সার পাচারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানাধীন বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী। এ সময় মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে কার্গো বোটে সার স্থানান্তরের সময় অভিযান চালিয়ে ৩৫ হাজার কেজি ওজনের ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।
কোস্ট গার্ডের তথ্যমতে, জব্দ করা সারের আনুমানিক মূল্য ২৪ লাখ ৫০ হাজার টাকা। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত তিনটি ট্রাক ও দুইজন পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত তিনটি ট্রাক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জব্দ করা সার নিয়ে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় একটি ট্রাকের চালককে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং জব্দ করা সার নিলামে বিক্রি করা হয়।
উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ইসতিয়াক আহমেদ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী জব্দ করা সারগুলো নিলামে বিক্রি করা হয়েছে। নিলাম থেকে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।