পাবনায় ৪৬৬ বস্তা সার জব্দ, ৩ জনকে জরিমানা

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১১ পিএম
পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজারে অবৈধভাবে মজুদ রাখা ৪৬৬ বস্তা সার জব্দ করা হয়েছে। এসময় তিনজনকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার ইসলাম নাফিজ।
 
আভিযানিক দল জানায়, জেলায় সার সংকট না থাকলেও অতিরিক্ত দামে সার বিক্রির জন্য অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছেন একটি অসাধু চক্র। সাদুল্লাহপুরের শ্রীকোলে এমনই তিনজন অবৈধভাবে ব্যাপক সার মজুদ রেখেছেন বলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যে অভিযান চালানো হয়। কয়েক ঘন্টাব্যাপী চলা অভিযানে তিন ব্যবসায়ীর প্রায় ৮/১০ টি গোডাউন থেকে ৩৮৯ বস্তা ডিএপি, ৬৫ বস্তা এমওপি (এমপি) এবং ১২ বস্তা ইউরিয়া সহ মোট ৪৬৬ বস্তা সার পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।
 
আভিযানিক দল আরও জানায়, অবৈধ মজুদের অভিযোগে শ্রীকোল এলাকার মোহাম্মদ আলী মল্লিকের ছেলে ও মেসার্স মল্লিক ট্রেডার্সের স্বত্বাধিকারী বাচ্চু মল্লিককে ২০ হাজার টাকা, আ. আলিম মোল্লার ছেলে ও মোল্লা ট্রেডার্সের স্বত্বাধিকারী হেলাল মোল্লাকে ১০ হাজার এবং মৃত আরশেদ আলী খানের ছেলে আসাদুজ্জামান কামালকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
 
তারা সবাই সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া ও শ্রীকোল এলাকার বাসিন্দা।
 
এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার ইসলাম নাফিজ বলেন, অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশে তিন ব্যক্তি শ্রীকোল ও আশপাশের ৮ থেকে ১০টি স্থানে অবৈধভাবে সার মজুদ করেছিলেন। অভিযানে কারও দোকান ও কারও বাড়ি থেকে এসব সার উদ্ধার করা হয়।
 
তিনি আরও জানান, অভিযুক্তদের কেউই অনুমোদিত সার ডিলার নন। তাই অবৈধভাবে মজুদ করা এসব সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়া হবে।
সর্বশেষ সর্বাধিক পঠিত