বিটিভির ( বাংলাদেশ টেলিভিশন) বেসরকারি উদ্যোগে নির্মিত বিভিন্ন প্যাকেজ অনুষ্ঠান প্রচারের আগে তা যাচাই-বাছাইয়ের জন্য গঠিত ‘বাংলাদেশ টেলিভিশন প্যাকেজ প্রিভিউ কমিটি’ পুনর্গঠন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখা থেকে বুধবার (৯ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ২০১৪ সালের ১০ ডিসেম্বর গঠিত কমিটির কাঠামো সংশোধন করে নতুন করে এটি পুনর্গঠন করা হয়েছে।
১৫ সদস্যের এ কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী জেসিন। সদস্য হিসেবে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (টিভি-২), সংস্কৃতিকর্মী সারমিনা বিনতে আমিন, অভিনেতা শহীদ শরীফ খান, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক ফারহানা চৌধুরী বেবী, অভিনেতা শাহেদ আলী, নির্মাতা, অভিনেতা ও প্রযোজক খালেদ আহমেদ সোহেলিন, অভিনেতা এম সালাম মুনশি, নাট্যকার, পরিচালক ও প্রযোজক কাজী মো. খলিলুর রহমান, গণমাধ্যমকর্মী কামরুল হাসান দর্পণ, সংস্কৃতিকর্মী খালেদ এনাম মুন্না, অভিনেতা ও নির্মাতা তাহরিন, অভিনেত্রী ও নির্মাতা জিয়াসমিন আজহার জাহান এবং নির্মাতা আদনান আজাদ। বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি বেসরকারিভাবে নির্মিত অনুষ্ঠান যাচাই-বাছাই করে প্রচারের উপযোগিতা সম্পর্কে সুপারিশ করবে। বিটিভির মহাপরিচালকের অনুপস্থিতিতে তার মনোনীত উপযুক্ত প্রতিনিধি সভায় সভাপতিত্ব করবেন। কমিটির কোরাম পূর্ণ হবে আটজন সদস্য উপস্থিত থাকলে। বিটিভির প্রচলিত বিধি অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে।