ডেঙ্গু প্রতিরোধে মসজিদ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান 

দেশজুড়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ অভিযান আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।

এর অংশ হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্দেশনা অনুসারে ডেঙ্গু প্রতিরোধে চন্দনাইশ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ২ পৌরসভা ও ৮ ইউনিয়নের সকল মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার প্রমুখ।

একই সঙ্গে উপজেলার ২ পৌরসভা ও ৮ ইউনিয়নের সকল মসজিদের আঙিনা, পুকুরপাড়সহ আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ইউপি চেয়ারম্যান, মেম্বার, মসজিদ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, খতিব, ইমাম, মুয়াজ্জিন, আনসার সদস্য ও স্থানীয় মুসল্লিরা। 

এ সময় মসজিদের আঙিনা, ওজুখানা ও প্রবেশপথ ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয় এবং আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি মসজিদের আশপাশের এলাকায় সৌন্দর্য বর্ধনের কাজও করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রহমান বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।