চন্দনাইশে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সাত্তার বলেন, বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ ও বাসচালককে আটক করেছে পুলিশ।
 
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মহাসড়কের শাহসুফি মাজার গেট বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন—চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া দক্ষিণ আমিরাবাদের তোফায়েল মুরছালীন (২৩) এবং চন্দনাইশ উপজেলার উত্তর কাঞ্চননগর ৫ নম্বর ওয়ার্ডের মৃত কালু মিয়ার ছেলে আব্দুল গফুর (৬০)। তোফায়েল মুরছালীন বেগম ওসমান আরা কলেজ অব নার্সিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
 
আহতরা হলেন—সাতকানিয়া উপজেলার দক্ষিণ চরপাড়ার সানজিদা আক্তার সুমাইয়া (২৪), চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ভাই খলিফাপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে মো. আরিফ ইসলাম (৪০) এবং চন্দনাইশ উপজেলার দক্ষিণ হারলার আবু তাহেরের ছেলে সিএনজি অটোরিকশাচালক মো. সায়মন হোসেন খায়ের (২০)। এদের মধ্যে সানজিদা বেগম ওসমান আরা কলেজ অব নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিশা প্লাটিনামা পরিবহনের চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি এসি বাসের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশার (অনটেস্ট) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।
 
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তোফায়েল মুরছালীনকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে আব্দুল গফুর মারা যান।
বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. এটিএম মনিরুল কবির বলেন, দুর্ঘটনায় একজন মারা যান। গুরুতর আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সাত্তার বলেন, বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে। বাসচালক সোলাইমান বাদশাকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ সর্বাধিক পঠিত