চন্দনাইশে পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৯

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম

চট্টগ্রামের চন্দনাইশ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে তিনজন বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, যাদের একজন এরই মধ্যে দুই বছরের সাজাপ্রাপ্ত। বাকি ছয়জনকে মাদক সেবন করে জনসাধারণের মধ্যে বিঘ্ন সৃষ্টির অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১২টা ১০ মিনিট থেকে শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে বান্দরবান সদর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. ইদ্রিস মিয়াকে গ্রেপ্তার করা হয়। এছাড়া চন্দনাইশ থানার একটি মামলায় মারামারি, চুরি ও প্রাণনাশের হুমকিসহ একাধিক ধারায় পরোয়ানাভুক্ত আসামি ফারুককে এবং চুরি ও চোরাই মালামাল রাখার অভিযোগে পরোয়ানাভুক্ত আসামি মো. লোকমানকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে মাদক সেবনজনিত অভিযোগে পরিচালিত মোবাইল কোর্টে ছয়জনকে ২০০ টাকা করে অর্থদণ্ড এবং একমাস থেকে তিন মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এই ছয়জন হলেন মো. জিয়াউল হক (২৮), মো. সোহেল (৪৮), মারজান উদ্দীন (২৫), আসিফুর রহমান (১৯), মো. রিফাত (২৮) এবং মো. সাকিব (২২)। তারা সবাই চন্দনাইশ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

গ্রেপ্তার সকল আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথাযথ পুলিশি প্রহরায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত