পদ্মা নদীতে নৌকা ডুবি: ১০ বাংলাদেশিকে বিএসএফের উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় চরবাগডাঙ্গা সীমান্তে পদ্মা নদীতে যাত্রীবাহী ডিঙি নৌকাডুবির ঘটনায় ১০ বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

নৌ-পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কামাল নামে এক মাঝি ১২ জন যাত্রী নিয়ে একটি নৌকা করে সদর উপজেলার চরবাগডাঙ্গার গোয়ালডুবি ঘাট থেকে নারায়ণপুরের খলিফাচর এলাকার উদ্দেশ্যে রওনা হন। পথে নদীর তীব্র স্রোতের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় ১০ জন যাত্রী স্রোতে ভেসে ভারতের সীমান্তে ঢুকে গেলে বিএসএফ সদস্যরা তাদের উদ্ধার করে।

নৌকার মাঝি মো. কামাল জানান, গোয়ালডুবি এলাকা থেকে একটা ছোট্টো ডিঙি নৌকা যাত্রী নিয়ে নারায়ণপুরের দিকে যাচ্ছিল। হঠাৎ নৌকাটি ডুবে তীব্র স্রোতের কারণে মাত্র ১০ মিনিটের মধ্যে ১০ জন যাত্রী ভেসে ভারতের সীমানায় চলে যান।

চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, নৌকা ডুবির পর ১০ বাংলাদেশিকে ভারতের খান্দুয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা উদ্ধার করেছে। রাতেই তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

গোদাগাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জীবন চন্দ্র রায় জানান, স্থানীয়দের দেওয়া তথ্যানুযায়ী, একজনকে বাংলাদেশ অংশে উদ্ধার করা হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।