কানাডায় যুক্তরাষ্ট্রের পণ্য বর্জনের হিড়িক

কানাডার নাগরিকদের মধ্যে দেশীয় পণ্য কেনার আগ্রহ বৃদ্ধির পাশাপাশি যুক্তরাষ্ট্রের পণ্য বর্জনের হিড়িক দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্স গতকাল শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্পের শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে চলা বাণিজ্যযুদ্ধের প্রভাব পড়ছে কানাডার সুপার মার্কেটগুলোতেও। ক্রেতাদের চাহিদার পরিবর্তনের কারণে পণ্যের উৎস স্পষ্টভাবে জানানোর পাশাপাশি নতুন নতুন সরবরাহব্যবস্থার দিকে ঝুঁকছেন ব্যবসায়ীরা।

অন্টারিওতে স্বতন্ত্র খুচরা পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ভিন্সেস মার্কেটের প্রেসিডেন্ট জিয়ানকার্লো ত্রিমার্কি তার স্টোরে যুক্তরাষ্ট্র পণ্য রাখায় ক্রেতাদের প্রচণ্ড ক্ষোভ ও ক্রোধের মুখোমুখি হয়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পরিবর্তে এখন কুইবেক থেকে স্ট্রবেরি সংগ্রহ করছেন তারা। ত্রিমার্কির ভাষ্য আগে ক্রেতাদের কাছে মূল বিষয় ছিল পণ্যের মান ও দাম। এখন এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি বিষয় পণ্যটি কোন দেশের। কানাডার সবচেয়ে বড় খাদ্যপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান লব্লও আগস্টে তাদের ফল ও তাজা খাবারের বিভাগে বড় আকারের কানাডীয় পতাকার চিহ্ন আবারও ব্যবহার শুরু করেছে। শুল্কের কারণে প্রভাবিত পণ্য চিহ্নিত করতে তারা ‘টি’ ট্যাগও ফিরিয়ে এনেছে। এর মাধ্যমে ক্রেতারা সহজেই কানাডীয় পণ্য শনাক্ত করতে পারছেন।