ব্রিকসে পাকিস্তানের বাধা ভারত

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ এএম

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীনকে নিয়ে চার সদস্যের জোট হিসেবে যাত্রা শুরু করা ‘ব্রিকস’ এখন ১১টি দেশের জোট। প্রতিষ্ঠার দুই দশক পর, ব্রিকস এখন আর কেবল উদীয়মান অর্থনীতির জোটে সীমাবদ্ধ নেই; এটি এখন বৈশ্বিক উৎপাদনে নেতৃত্ব দেওয়া একটি বলয়ে পরিণত হয়েছে। ২০২৩ সাল থেকে জোটটির সদস্য পদ পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। জোটটি গত বছর মিসর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাতকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে ‘ব্রিকস প্লাস’ গঠন করে। তবে জোটটিতে ইসলামাবাদের অন্তর্ভুক্তির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নয়াদিল্লি। জোটের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভেটো ক্ষমতার নীতি থাকায় ভারতের বিরোধিতার মুখে আটকে আছে পাকিস্তানের অন্তর্ভুক্তি।

গতকাল শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, ব্রিকসে নতুন সদস্য নেওয়ার ক্ষেত্রে জোটে থাকা সব দেশের সর্বসম্মত সমর্থনের বাধ্যবাধকতা রয়েছে। বর্তমানে ব্রিকসের সদস্য হতে আবেদন করা ২৯টি দেশের মধ্যে পাকিস্তানও রয়েছে। মূলত তীব্র অর্থনৈতিক সংকটের কারণেই জোটটিতে যোগ দেওয়ার চেষ্টা চালাচ্ছে দেশটি। পাকিস্তান অর্থনৈতিক সমীক্ষার তথ্য অনুযায়ী, দেশটির জিডিপি প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৭০ শতাংশে দাঁড়িয়েছে। চরম অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে থাকা পাকিস্তান বিশ্বব্যাংক ও আইএমএফের ওপর নির্ভরতা কমাতে ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে (এনডিবি) ৫৮ কোটি ডলারের শেয়ার কিনেছে।

বৈশ্বিক অর্থনীতির নতুন মেরূকরণে এই জোট এখন একটি প্রভাবশালী শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে সম্প্রসারিত এই ব্রিকস জোট বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪৯ শতাংশ এবং বৈশ্বিক জিডিপির (পিপিপি) প্রায় ৪০ শতাংশের প্রতিনিধিত্ব করছে। সংগঠনটির প্রভাবশালী দুই দেশ চীন ও রাশিয়ার সমর্থন থাকা সত্ত্বেও, নয়াদিল্লির আপত্তির কারণেই মূলত পাকিস্তান জোটটিতে যুক্ত হতে পারছে না। রাশিয়ার সংবাদ সংস্থা তাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটিতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুহাম্মদ খালিদ জামালি জানান, পাকিস্তানের সদস্য পদের পক্ষে সমর্থন আদায়ের জন্য সদস্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং বিশেষ করে রাশিয়ার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

২০২৩ সালের নভেম্বরে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জোহরা বালোচ জানিয়েছিলেন, গ্লোবাল সাউথের প্রতিনিধিত্বকারী এই জোটে যোগ দিয়ে পাকিস্তান আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। তিনি বলেছিলেন, ব্রিকসের ‘বেশিরভাগ’ সদস্যের সঙ্গে পাকিস্তানের উষ্ণ সম্পর্ক রয়েছে। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দেওয়ার আবেদন করেছে জানিয়ে সে সময় তিনি বলেছিলেন, ‘আমরা বিশ্বাস করি, ব্রিকসে যোগ দিয়ে পাকিস্তান আন্তর্জাতিক সহযোগিতা আরও এগিয়ে নিতে এবং অন্তর্ভুক্তিমূলক বহুপক্ষীয়তাকে পুনরুজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’ তিনি আরও বলেছিলেন, ‘আমরা এও আশা করি যে অন্তর্ভুক্তিমূলক বহুপক্ষীয়তার প্রতি নিজেদের অঙ্গীকার অনুযায়ী ব্রিকস পাকিস্তানের আবেদনের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেবে।’

এনডিটিভি জানিয়েছে, ব্রিকস দেশগুলোর সঙ্গে ভারতের নিজস্ব বাণিজ্যও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জোটভুক্ত দেশগুলোতে ভারতের রপ্তানি ৪৮.৮ শতাংশ বেড়ে ৬৪.৩ বিলিয়ন ডলার থেকে ৯৫.৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লির ভারত মণ্ডপমে গতকাল শনিবার শুরু হয়েছে জোটটির ১৮তম শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ জোটভূক্ত সব দেশের শীর্ষ নেতারা। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং টেকসই উন্নয়নের জন্য নির্মাণ’। বৈশ্বিক অস্থিরতা, মধ্যপ্রাচ্য ও কৃষ্ণসাগর অঞ্চলের সংঘাত এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে অনুষ্ঠিত এই সম্মেলনে বৈশ্বিক শাসনব্যবস্থা, বহুপাক্ষিকতা, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং সংকটপূর্ণ সরবরাহ শৃঙ্খলের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত