গোপালগঞ্জের কাশিয়ানীতে তেলবাহী নসিমন খাদে পড়ে মো. রাসেল শেখ (৩০) নামে এক চালক নিহত হয়েছেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার জয়নগর-কাশিয়ানী সড়কের হিরণ্যকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মো. রাসেল শেখ মুকসুদপুর উপজেলার শাসোনিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, একটি নসিমন তেল বোঝাই করে জয়নগর থেকে কাশিয়ানীর দিকে যাচ্ছিল। হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে চালক মো. রাসেল শেখ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।