রাজশাহীতে তাজা লাইভ বেকারীকে ১০হাজার টাকা জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগের কার্যালয়, রাজশাহীর উদ্যোগে মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং পণ্যের লেবেলে প্রয়োজনীয় তথ্য না থাকায় একটি বেকারি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে রাজশাহী মহানগরীর সাহেব বাজার পিএন স্কুল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাজা লাইভ বেকারি নামের প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

বিএসটিআই সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ না করেই বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রি-বিতরণ করে আসছিল। এছাড়া এসব পণ্যের মোড়কে ওজন, মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ অন্যান্য অত্যাবশ্যকীয় তথ্যসম্বলিত লেবেলও পাওয়া যায়নি।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেহরীন তাবাসসুম তিথীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।