বেকাসেসের পর ইকুয়েডরের ভরসায় আরেক আর্জেন্টাইন

ডাগআউটে সেই পরিচয় যেন আর বদলে গেল না! এক আর্জেন্টাইন গেলেন তো কী হয়েছে, ইকুয়েডরের ভরসার প্রতীক হয়ে এলেন আরেক আর্জেন্টাইন! সেবাস্তিয়ান বেকাসেসের বিদায়ের পর এবার দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের সফলতম মাস্টারমাইন্ড মার্সেলো গালার্দোর কাঁধে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের গুরুদায়িত্ব তুলে দিল ইকুয়েডর ফুটবল ফেডারেশন।

ক্লাব ফুটবলে ট্রফির পর ট্রফি জেতানো ৫০ বছর বয়সী এই কোচ এবারই প্রথম কোনো জাতীয় দলের ডাগআউটে দাঁড়িয়ে নতুন ইতিহাস লেখার মিশনে নামছেন।

রিভার প্লেটের হয়ে ইতিহাসের অন্যতম সফল কোচ হিসেবে ১৫টি শিরোপা নিজের শোকেসে পুরেছেন 'মুনেকো'খ্যাত গালার্দো। এর মধ্যে রয়েছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর কোপা লিবার্তাদোরেসের দুটি ট্রফি এবং টানা তিনবার দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচের খেতাব। সদ্যসমাপ্ত বিশ্বকাপে মেক্সিকোর কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে একুয়েডরের বিদায়ের পর পদত্যাগ করেছিলেন বেকাসেসে। তার স্থলাভিষিক্ত হওয়া গালার্দোকে ঘিরে এখন বড় স্বপ্ন দেখছে ইকুয়েডর।

নতুন কোচকে নিয়ে আশাবাদী ইকুয়েডরিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি ফ্রান্সিসকো এগাস সংবাদমাধ্যমে এক ভিডিও বার্তায় সরাসরি বলেন, ‘আমাদের একটি প্রজন্ম আছে যারা সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগিতা করছে। আমাদের প্রতিভা, কাঠামো এবং উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এবং আমরা বিশ্বাস করি, এই জাতীয় দল পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রস্তুত।’

ক্লাব ফুটবলের বাইরে এটিই হবে গালার্দোর ক্যারিয়ারের প্রথম জাতীয় দল সামলানোর অভিজ্ঞতা। আগামী ২৪ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ দিয়ে লাল-হলুদ জার্সিধারীদের কোচ হিসেবে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। ২০৩০ বিশ্বকাপ বাছাইপর্ব ছাড়াও ২০২৮ সালের কোপা আমেরিকা হবে তার সামনে বড় পরীক্ষা।

এদিকে, ইকুয়েডরের পাশাপাশি দক্ষিণ আমেরিকার অন্য প্রান্তে চুক্তি নবায়ন করেছে প্যারাগুয়েও। ২০২৬ বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে চমক দেখানো প্যারাগুয়ে জাতীয় দলের প্রধান কোচ গুস্তাভো আলফারো ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত নিজের মেয়াদ বাড়িয়ে নিয়েছেন। ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি রবার্ট হ্যারিসন ২০৩০ সালের দীর্ঘ পথচলার আনুষ্ঠানিক ঘোষণা দেন।