আর্জেন্টিনায় মেসি-রোনালদো এক সঙ্গে খেলবেন!

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পিএম
চার বছর আগে পেশাদার ফুটবলকে বিদায় জানানো বোকা জুনিয়র্সের কিংবদন্তি ফরোয়ার্ড কার্লোস তেভেজ তাঁর আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচের কথা ঘোষণা করেছেন। আগামী ২০ ডিসেম্বর বুয়েনস আইরেসের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে আয়োজিত হতে যাচ্ছে ‘গুডবাই আপাচে: ফ্রম বল বয় টু লেজেন্ড’ শিরোনামের এই বর্ণাঢ্য ম্যাচটি।

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থ রিও ফার্দিনান্দের সঙ্গে এক কথোপকথনে তেভেজ নিশ্চিত করেন যে, এই প্রদর্শনী ম্যাচে বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি এবং বোকা জুনিয়র্সের বর্তমান সভাপতি হুয়ান রোমান রিকেলমে অংশ নেবেন। 

বিদায়ী ম্যাচটিকে বিশ্ব ফুটবলের তারকামেলায় পরিণত করতে চান প্রাক্তন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। মেসি ও রিকেলমের পাশাপাশি পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকেও মাঠে নামানোর পরিকল্পনা করছেন তিনি। তেভেজ জানান, “আমি নিজেই রোনালদোকে আনার চেষ্টা করব।” যদি রোনালদো এতে সম্মতি জানান, তবে বুয়েনস আয়ার্সের মাঠে মেসির সঙ্গে রোনালদোর খেলা দেখার এক অনন্য সুযোগ তৈরি হবে।

এছাড়া তেভেজের সম্ভাব্য অতিথি তালিকায় ম্যানচেস্টার ইউনাইটেড, ইউভেন্টাস ও আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক সতীর্থ যেমন—সার্জিও আগুয়েরো, আনহেল ডি মারিয়া, পল স্কোলস, রায়ান গিগস, ওয়েইন রুনি এবং আন্দ্রেয়া পিরলোর নাম আলোচনায় রয়েছে।
কার্লোস তেভেজ
২০০১ সালে বোকা জুনিয়র্সের হয়ে অভিষেক হওয়া তেভেজ ক্লাবটির হয়ে ২৭৯ ম্যাচে ৯৪টি গোল করেছেন। বোকার হয়ে ২০০৩ সালের কোপা লিবার্তাদোরেস ও ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ী এই তারকা সবশেষ গত মে মাসে তায্যেরেস দে কর্দোবার কোচের পদ থেকে সরে দাঁড়ান। ফুটবলের পর বর্তমানে প্যাডেল কোর্টের ব্যবসায় যুক্ত থাকলেও, আগামী ২০ ডিসেম্বর লা বোম্বোনেরায় নিজের চিরচেনা গ্যালারির সামনে শেষবারের মতো বুট জোড়া পায়ে মাঠে নামবেন তিনি।
সর্বশেষ সর্বাধিক পঠিত