শচীনকে ছাড়িয়ে দীর্ঘতম ওয়ানডে ক্যারিয়ার টেইলরের

নিষেধাজ্ঞার আঁধার পেরিয়ে অবসর ভেঙে অনন্য এক প্রত্যাবর্তন। ২০২১ সালের বিদায় আর পরবর্তীতে নানা চড়াই-উতরাই পেরিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার সঙ্গেই কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে ওয়ানডে ক্রিকেটে দীর্ঘতম ক্যারিয়ারের নতুন বিশ্বরেকর্ড নিজের নামের পাশে লেখালেন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর।

দীর্ঘ ২২ বছর চার মাসের বর্ণাঢ্য ও দীর্ঘ পথচলা পেরিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অনন্য এই কীর্তি গড়লেন ৪০ বছর বয়সী এই জিম্বাবুইয়ান ক্রিকেটার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে হারারের মাঠে সিরিজের প্রথম ওয়ানডের একাদশে মাঠে নামার সঙ্গেই রচিত হয় এই ইতিহাস। এর আগে ২০১২ সালে ২২ বছর তিন মাসের ওয়ানডে ক্যারিয়ারের ইতি টেনে রেকর্ডটি নিজের করে রেখেছিলেন ভারতের সাবেক মহাতারকা টেন্ডুলকার। যদিও ওয়ানডে ক্রিকেটের সর্বকালের সর্বোচ্চ রান (১৮,৪২৬ রান) কিংবা সর্বাধিক ম্যাচ (৪৬৩ ম্যাচ) খেলার রেকর্ডগুলো অক্ষুণ্ণ আছে এই কিংবদন্তির।

২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে রঙিন পোশাকে অভিষেক হয় টেইলরের। সেখান থেকে আজকে অজিদের বিপক্ষে এই ব্যাটার নেমেছেন নিজের ২০৮তম ওয়ানডে ম্যাচে। সাদা বলের এই ফরম্যাটে এই টেইলরের এখন পর্যন্ত মোট রান ৬ হাজার ৭০৪। সেখানে ১১টি সেঞ্চুরি ছাড়াও আছে ৩৯টি ফিফটি পেরোনো ইনিংস।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এখনো ব্যাটিংয়ে নামেননি জিম্বাবুয়ের ব্যাটাররা। হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা হোঁচট খেলেও শেষ পর্যন্ত ম্যাট রেনশর সেঞ্চুরি (১০৯) ও কনোলির ফিফটিতে (৫১) চড়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৪ রান তুলেছে মিচেল মার্শের দল। স্বাগতিকদের হয়ে নিয়ামহুরি নিয়েছেন ফাইফার।