টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি; নাখোশ বিসিবি

বাংলাদেশ নারী  টি-টোয়েন্টি  দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন নিগার সুলতানা জ্যোতি। আসন্ন এশিয়ান গেমসের পর এই সংস্করণে আর নেতৃত্ব দিতে চান না। এমন একটি চিঠি আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলামের কাছে পাঠিয়েছেন জ্যোতি। এর সত্যতা নিশ্চিত করেছেন রফিকুল। একই সঙ্গে এমন সিদ্ধান্তে খুশি নন বলেও জানান তিনি। তবে টি-টোয়েন্টি  দলের অধিনায়কত্ব ছাড়লেও ওয়ানডের দায়িত্ব পালন করে যাবেন তিনি। 

এনিয়ে রফিকুল বাবু দেশ রূপান্তরকে বলেন, 'জ্যোতি জাপান থেকে আমাকে একটা চিঠি পাঠিয়েছে। সে আর টি-টোয়েন্টি  দলের অধিনায়ক থাকতে চায় না। ব্যাটিং ভালো হচ্ছে না বলে এমন সিদ্ধান্ত নিয়েছে। যদিও ওয়ানডের দায়িত্ব পালন করবে। তবে তার এমন সিদ্ধান্তে আমরা খুশি নই। আগে আমাদের সঙ্গে আলোচনা করতে পারত।'

জ্যোতির অধিনায়কত্বে উল্লেখযোগ্য সাফল্য আসে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। স্কটল্যান্ডকে হারিয়ে এক দশক পর বিশ্বকাপে জয় পায় বাংলাদেশ। সেই আসরে ব্যাট ও গ্লাভস হাতেও গুরুত্বপূর্ণ অবদান ছিল জ্যোতির। চার ইনিংসে ১০৪ রান করার পাশাপাশি উইকেটের পেছনে নিয়েছেন সাতটি ক্যাচ বা স্টাম্পিং।

তবে সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্সে সুবিধাজনক নয়। ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হলেও ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। এরপর স্কটল্যান্ড-নেদারল্যান্ডস ত্রিদেশীয় সিরিজেও প্রত্যাশিত ধারাবাহিকতা দেখা যায়নি। সর্বশেষ বিশ্বকাপে পাঁচ ম্যাচে দুটি জয় পেয়েছে দলটি।

এসব ফলাফলের মধ্যে জ্যোতির নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। তবে টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেও ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিজের কাছেই রাখছেন তিনি।

১৩২ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৮০টিতেই নেতৃত্ব দিয়েছেন জ্যোতি। তার নেতৃত্বে ৩২টি ম্যাচ জিতেছে বাংলাদেশ, হেরেছে ৪৭টিতে।