লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে গান গাওয়ার পাশাপাশি দেশের মাটিতেও বড়সড় কনসার্টের ঘোষণা করলেন পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ। এই খবরে ভারতীয় অনুরাগীদের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। আগামী ২১ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বসতে চলেছে দিলজিতের পরবর্তী বড় স্টেডিয়াম শো।
দিলজিতের এই ঘোষণার সঙ্গে সঙ্গে নেটপাড়ায় শুরু হয়েছে নতুন করে উন্মাদনা। কারণ এর আগেই এই স্টেডিয়ামের মঞ্চে বড় আন্তর্জাতিক কনসার্টের সাক্ষী হয়েছে ভারত। ২০২৫ সালে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পারফর্ম করেছিল জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে। সেই প্রসঙ্গ টেনেই দিলজিৎ জানান, ভারতের সবচেয়ে বড় স্টেডিয়ামে কোল্ডপ্লে নিজেদের অনুষ্ঠান সফল করেছে। এবার সেই মঞ্চেই একজন পাঞ্জাবি শিল্পীর অনুষ্ঠান হওয়া উচিত।
১২ সেপ্টেম্বর ‘আউরা ওয়ার্ল্ড ট্যুর’-এর অংশ হিসেবে ওয়েম্বলিতে মঞ্চে উঠেছিলেন দিলজিৎ। সেদিনের অনুষ্ঠান তার ক্যারিয়ারের জন্য অন্যতম বড় মাইলফলক। প্রথম পাঞ্জাবি শিল্পী হিসেবে ওয়েম্বলি স্টেডিয়ামে হেডলাইন করার নজির গড়েছেন তিনি। পাঞ্জাবি গান, র্যাপ এবং হিপ-হপের মিশেলে তার পরিবেশনা মুহূর্তের মধ্যেই দর্শকদের মাতিয়ে দেয়।
তবে শুধু নিজের গানেই আটকে থাকেন না দিলজিৎ। কনসার্টে মাঝে মধ্যেই তিনি কিংবদন্তি শিল্পীদের গান পরিবেশন করে থাকেন। এবারের অনুষ্ঠানও ব্যতিক্রম নয়। সবাইকে চমকে দিয়ে তিনি গেয়ে ওঠেন ‘সাঁসো কি মালা পে সিমরু ম্যায়’। উস্তাদ নুসরত ফতেহ আলি খানের জনপ্রিয় এই গান দিলজিতের কণ্ঠে শুনে উচ্ছ্বাসে ফেটে পড়ে ওয়েম্বলি। দর্শকদের প্রতিক্রিয়ার সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। রাতারাতি ভাইরাল হয়ে যায় দিলজিতের সেই পরিবেশনার ক্লিপ।
ওয়েম্বলিতে ইতিহাস তৈরির পর প্রায় দু’বছর পর দেশে ফিরে আরও বড় পরিসরে শ্রোতাদের সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন দিলজিৎ। ফলে ভাইরাল হওয়া তাঁর কনসার্টের মুহূর্তের রেশ কাটতে না কাটতেই আগামী স্টেডিয়াম শো ঘিরে অনুরাগীদের অপেক্ষাও শুরু হয়ে গেল।