সিইউএফএলে ছয় মাস পর ইউরিয়া উৎপাদন শুরু

গ্যাস সরবরাহ পেয়ে দীর্ঘ ছয় মাস পর চট্টগ্রামের আনোয়ারায় রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) আবার ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে সার উৎপাদন কার্যক্রম শুরু হয়।

সিইউএফএল’র ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, গ্যাস সরবরাহ দেওয়ার পর কারখানায় ধাপে ধাপে অ্যামোনিয়া প্ল্যান্ট চালু করা হয়। এর মধ্যে যান্ত্রিক ত্রুটি সেরে মঙ্গলবার বিকেল থেকে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। এর আগে গ্যাস সংকটের কারণে গত ৪ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত কারখানায় সার উৎপাদন বন্ধ ছিল। ২৫ আগস্ট থেকে গ্যাস সরবরাহ শুরু হয়। সিইউএফএলে দৈনিক ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন।

১৯৮৭ সালের ২৯ অক্টোবর জাপানের কারিগরি সহায়তায় কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় সার কারখানাটি প্রতিষ্ঠা করে সরকার। বর্তমানে এই কারখানায় দৈনিক ১ হাজার ২০০ টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম। পাশাপাশি বছরে তিন লাখ ১০ টন অ্যামোনিয়া উৎপাদন করতে পারে সিইউএফএল।