ফরিদপুরের বোয়ালমারীতে মাদক সেবন করে নিজ বাড়ির আসবাবপত্র ও বিভিন্ন জিনিসপত্র ভাঙচুরের অভিযোগে শাকিল মোল্লা (১৮) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পৌরসভার দক্ষিণ কামারগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত শাকিল মোল্লা ওই গ্রামের হান্নান মোল্লার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে মাদক সেবন করে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন শাকিল। একপর্যায়ে তিনি ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর শুরু করেন। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘরের বেশ কিছু জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়।
শাকিলের মেজ বোন সাথী আক্তার বলেন, শাকিল প্রায়ই মাদক সেবন করে বাড়িতে এসে অশান্তি সৃষ্টি করতো। মঙ্গলবারও একই ধরনের ঘটনা ঘটলে বাধ্য হয়ে পরিবারের পক্ষ থেকে বিষয়টি থানায় জানানো হয়।
পরে অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে শাকিল মোল্লা নিজের অপরাধ স্বীকার করলে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এস এম রকিবুল হাসান বলেন, ছেলেটি মাদক সেবন করে তার বাবা মাকে লাঞ্ছিত করে এবং বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। আদালতে এই ঘটনার স্বীকারোক্তি দেওয়ায় শাকিলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।