ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রাফিজুল ইসলামের বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এ সময় ডাকাতদের মারধরে তার বৃদ্ধ পিতা মোহাম্মদ আলী (৬৩) আহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ২টার দিকে আলফাডাঙ্গা পৌর এলাকার মিঠাপুর কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আহত মোহাম্মদ আলী বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে ৫-৬ জনের একটি সশস্ত্র দল ব্যালকনির গ্রিল কেটে ও দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে দম্পতিকে জিম্মি করে। এসময় মোহাম্মদ আলীকে লোহার রড দিয়ে মারধর করে। পরে আলমারি ও ওয়ারড্রব ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। লুট হওয়া মালামালের মোট মূল্য প্রায় ২২ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আহত মোহাম্মদ আলীকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ফরিদপুর ও কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত