বিমানমন্ত্রী বললেন

স্বচ্ছতা নিশ্চিত করেই এয়ারবাস কেনা হবে

এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতেই সরকার উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেবে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা করেন মন্ত্রী। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আধুনিকায়ন এবং তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়েও আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রী বলেন, বিমানের বহরে বর্তমানে উড়োজাহাজের স্বল্পতা রয়েছে। জরুরি ভিত্তিতে নতুন উড়োজাহাজ যুক্ত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ সময় বাংলাদেশের ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরোপ করা উচ্চ ঝুঁকিপূর্ণ পণ্য ও ডাক (এইচআরসিএম) মর্যাদা প্রত্যাহারে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন বিমানমন্ত্রী।

সারাহ কুক বলেন, বাংলাদেশের আতিথেয়তা খাতের বিকাশে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে। বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগেও যুক্তরাজ্য সহযোগিতা করতে প্রস্তুত। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং বিমান পরিবহন ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।