লোক কারুশিল্প ফাউন্ডেশন

প্রশাসনিক অনিয়ম তদন্তে স্মারকলিপি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রায় কয়েকশ বছরের পুরনো বড় সরদার বাড়ির ক্ষয়ক্ষতি এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রশাসনিক ও আর্থিক অনিয়ম তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার সোনারগাঁওয়ের ইতিহাস, ঐতিহ্য ও প্রতœসম্পদ সংরক্ষণ কমিটি প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি দেয়। কমিটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস স্বাক্ষরিত স্মারকলিপিতে বড় সরদার বাড়ির পূর্ণাঙ্গ কারিগরি পরীক্ষা, শুটিং সংক্রান্ত নথি প্রকাশ, ফাউন্ডেশনের আর্থিক কার্যক্রমের স্বাধীন নিরীক্ষা এবং প্রকৃত কারুশিল্পীদের অধিকার সুরক্ষাসহ ১২ দফা আবেদন জানানো হয়।

স্মারকলিপির অনুলিপি সংস্কৃতিবিষয়ক মন্ত্রী, ইউনেস্কোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সভাপতি ও সব সদস্য এবং দেশের জাতীয় সংবাদ মাধ্যমে পাঠানো হয়। এর আগে গত ২৯ আগস্ট নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ও গত ৩১ আগস্ট সোনারগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।