বাজি খেলে রোমাঞ্চকর জয় পেলেন মরিনহো

লা লিগায় মঙ্গলবার এলচের মাঠ থেকে নাটকীয় এক জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকেও এক পর্যায়ে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল লস ব্লাঙ্কোসরা। তবে শেষ মুহূর্তের জুয়া খেলে দলকে ৩-২ গোলের জয় এনে দিয়েছেন কোচ হোসে মরিনহো। ম্যাচের যোগ করা সময়ের (৯১ মিনিটে) বদলি ফরোয়ার্ড কার্লোস এসপির জয়সূচক গোলটি রিয়ালকে এনে দেয় স্বস্তির তিন পয়েন্ট।

ম্যাচের শুরুতেই আর্দা গুলারের দুর্দান্ত ফ্রি-কিক থেকে গোলরক্ষক মাতিয়াস দিতুরোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর ইয়ান দিওমান্দের ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে সহজ জয়ের পথেই ছিল অতিথিরা।

দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে এলচে। দুই গোল পরিশোধ করে তারা স্কোরলাইন সমতায় নিয়ে আসে, যা রিয়াল শিবিরকে বড় বিপাকে ফেলে।

পয়েন্ট হারানোর উপক্রম হলে আক্রমণভাগকে আরও ধারালো করতে বড় ধরনের জুয়া খেলেন কোচ হোসে মরিনহো। এমবাপ্পেসহ মাঠে জুড বেলিংহ্যাম, দিওমান্দে, ব্রাহিম দিয়াজের সাথে বদলি হিসেবে নামান কার্লোস এসপি এবং এনদ্রিককে—যাতে মাঠে রিয়ালের আক্রমণাত্মক খেলোয়াড়ের সংখ্যা দাঁড়ায় ছয়জনে।

মরিনহোর সেই ঝুঁকি শতভাগ সফল হয়। জুড বেলিংহামের বাড়ানো বল থেকে এমবাপ্পের নিখুঁত ক্রস পেয়ে জালে বল জড়ান কার্লোস এসপি। এর আগে এসপানিওলের বিপক্ষেও এমন শেষ মুহূর্তের গোল করে দলকে জিতিয়েছিলেন লেভান্তে থেকে ২৫ মিলিয়ন ইউরোতে কেনা এই তরুণ ফরোয়ার্ড।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মরিনহো জানান, "শেষের ওই পরিবর্তনের মাধ্যমে আমি সবকিছু বাজি রেখেছিলাম। আমরা জিতেছি, তবে হেরেও যেতে পারতাম। আমাদের এটাই করতে হতো, কারণ ড্র আমাদের জন্য যথেষ্ট ছিল না।"

তিনি আরও যোগ করেন, ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে কিছুটা হতাশা থাকলেও কঠিন পরিস্থিতি সামলে দলের এই ঘুরে দাঁড়ানো ইতিবাচক দিক। মজার ছলে রিয়াল কোচ বলেন, "সবচেয়ে ভালো দিক হলো রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখে কেউ কখনো বোর হয় না। ম্যাচগুলো বেশ রোমাঞ্চকর।"

এই জয়ে পয়েন্ট টেবিলে বার্সেলোনার সাথে যৌথভাবে শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। আগামী রবিবার আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ডার্বি রিয়ালের।