চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের সরাসরি অবস্থান জানার সুবিধার্থে ‘শাটল ট্রেন ট্র্যাকার’ অ্যাপ চালু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।
চাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাপটির মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই শাটল ট্রেনের লাইভ অবস্থান জানতে পারবেন। পাশাপাশি শাটল-সংক্রান্ত যেকোনো অভিযোগ অ্যাপের ‘কমিউনিটি বোর্ডে’ জানানো যাবে। শিক্ষার্থীরা প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নির্দিষ্ট তথ্য দিয়ে নিবন্ধন করতে পারবেন।
চাকসু জানিয়েছে, পাঁচ মাসের চেষ্টায় তিন লাখ টাকা ব্যয়ে অ্যাপটি তৈরি করা হয়েছে। অ্যাপটি তৈরি করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে চাকসুর তৈরি শাটল ট্রেন ট্র্যাকার সম্পূর্ণ ছাত্রকল্যাণমুখী উদ্যোগ। তিনি এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নতুন মাইলফলক হয়ে থাকবে।
চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, দীর্ঘদিন পর শিক্ষার্থীদের আকাঙ্ক্ষিত শাটল ট্র্যাকার অ্যাপ উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সময় অপচয় রোধ হবে এবং তারা শাটলের লাইভ অবস্থান জানতে পারবেন বলে আশা করেন তিনি।
চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, চাকসুর ইশতেহারের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট ছিল শাটল ট্র্যাকার অ্যাপ চালু করা। সেই লক্ষ্যেই দীর্ঘ পাঁচ মাসের চেষ্টায় অ্যাপটির কাজ সম্পন্ন করা হয়েছে। শিক্ষার্থীরা এর মাধ্যমে শাটলের লাইভ অবস্থান জানার পাশাপাশি শাটল-সংক্রান্ত যেকোনো অভিযোগ জানাতে পারবেন বলেও জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে চাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর, ভিপি ইব্রাহীম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব, এজিএস আয়ুবুর রহমান তৌফিক, যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঞাঁসহ চাকসুর অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।