বর্ণাঢ্য আয়োজনে চবিতে অঙ্গনের তিন যুগপূর্তি উৎসব

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পিএম

বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক সংগঠন অঙ্গনের তিন যুগপূর্তি উৎসব আয়োজন করা হয়েছে।  রবিবার (১১ অক্টোবর) বিকাল ৩.৩০টায় চবি বুদ্ধিজীবী চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি প্রফেসর ড. নাসির উদ্দিন (রাহমান নাসির উদ্দিন)। অতিথি হিসেবে বক্তব্য রাখেন অঙ্গনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ভাষ্কর রঞ্জন সাহা।

অনুষ্ঠানে সাংস্কৃতিক সংগঠন অঙ্গনের নবীন প্রবীন সদস্যরাসহ অন্তত দেড় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মাধ্যমে উৎসব শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।

আলোচনা অনুষ্ঠানে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বলেন, “সাংস্কৃতিক চর্চা মানুষের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে এবং তাকে আরও উদার ও মানবিক হতে শেখায়। একটি প্রাণবন্ত বিশ্ববিদ্যালয়ে যেমন গান, নাচ, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, তেমনি থাকবে গবেষণা, পাঠদান, মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা। সব ধরনের সৃজনশীল কর্মকাণ্ডের সম্মিলনেই একটি বিশ্ববিদ্যালয় সত্যিকার অর্থে প্রাণবন্ত হয়ে ওঠে। তবে সাংস্কৃতিক সংগঠনগুলোকে রাজনৈতিক পক্ষপাত ও সংকীর্ণতার ঊর্ধ্বে থাকতে হবে।”

তিনি আরও বলেন, “কোনো সংগঠন যখন দলীয় স্বার্থের কাছে সীমাবদ্ধ হয়ে পড়ে, তখন তার স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। তিনি বলেন, আমি আশা করি, অঙ্গনের এই পথচলা আরও সুদৃঢ় হবে, এর সঙ্গে যুক্ত প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সাংস্কৃতিক আন্দোলনে অবদান রাখবেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিবেশকে আরও সমৃদ্ধ করবেন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি প্রফেসর ড. নাসির উদ্দিন (রাহমান নাসির উদ্দিন)। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় মানে শুধু প্রাতিষ্ঠানিক বা কারিকুলামভিত্তিক কার্যক্রম নয়; এর পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ অত্যন্ত জরুরি। বিশেষ করে, শিক্ষার্থীদের একটি দেশপ্রেমিক প্রজন্ম হিসেবে গড়ে তোলা, সমাজ ও রাষ্ট্রের প্রতি তাদের প্রতিশ্রুতিবদ্ধ করা এবং সুস্থ সংস্কৃতির বিকাশের মাধ্যমে সমাজে একটি সুস্থ মানসিকতার পরিবেশ তৈরি করা এর মূল লক্ষ্য। কেননা, সুস্থ সংস্কৃতির চর্চা ছাড়া কখনো সুস্থ সমাজের বিকাশ সম্ভব নয়।

​আমরা মনে করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই দেশের আগামী দিনের ভবিষ্যৎ। তাই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজকের প্রজন্মকে যদি আমরা সুস্থ সংস্কৃতির আলোয় আলোকিত করতে পারি”

অনুষ্ঠানে স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অঙ্গনের সাধারণ সম্পাদক মাহবুব আলম অঙ্গন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এছাড়া র‍্যালিসহ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির প্রতিষ্ঠার তিন যুগপূর্তি উদযাপিত হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত