সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্রেই প্রশংসায় ভাসছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন। দক্ষতা, ধৈর্যশীলতা ও বিচক্ষণতার মাধ্যমে দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে নানা উদ্যোগ গ্রহণ করে ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছেন তিনি। সর্বশেষ তিনি তার অফিসের দরজায় একটি সাইনবোর্ড টানিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন।
সাধারণ মানুষের সঙ্গে সহজে মিশে গিয়ে তাদের সমস্যা শোনা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ক্ষেত্রে ইউএনও ইবনে আল জায়েদ হোসেনকে অনেকটা জনপ্রতিনিধির মতোই সক্রিয় দেখা যায়। সরকারি সেবা নিতে এসে কোনো নাগরিক যাতে অযথা বিড়ম্বনা বা সংকোচের শিকার না হন, সে বিষয়েও তিনি গুরুত্ব দিচ্ছেন।
এরই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রধান দরজায় একটি ব্যতিক্রমী সাইনবোর্ড লাগানো হয়েছে। সেখানে লেখা রয়েছে— ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন’। এর নিচে রয়েছে— ‘ধাক্কা দিন দরজা খুলে যাবে’।
সাইনবোর্ডটি নিয়ে স্থানীয়দের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকের মতে, সরকারি কর্মকর্তার কক্ষে প্রবেশের ক্ষেত্রে সাধারণ মানুষের যে অযথা সংকোচ বা দ্বিধা থাকে, এই উদ্যোগ তা অনেকটাই দূর করবে।
এ বিষয়ে ইউএনও ইবনে আল জায়েদ হোসেন বলেন, “মানুষ যেন ইউএনও অফিসে এসে সহজভাবে তার সেবা পেতে পারে, সেজন্যই আমার এই উদ্যোগ।”
তার এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে—সেবা প্রত্যাশী মানুষকে সহজে কাছে পাওয়া এবং সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ভোগান্তি কমানো।