বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের পড়ালেন ইউএনও

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৩:৪৫ পিএম

বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের গণিতের ক্লাস নিয়েছেন খুলনার কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের উত্তর বগা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের সময় তিনি এ ক্লাস নেন।

বিদ্যালয়ে গিয়ে ইউএনও প্রথমে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি শিক্ষার্থীদের উপস্থিতি, পড়াশোনার পরিবেশ ও বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। পরে তৃতীয় শ্রেণির শ্রেণিকক্ষে গিয়ে গণিত পড়ান। হঠাৎ ইউএনওকে শিক্ষক হিসেবে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ দেখা যায়।

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মিনহাজুল ইসলাম বলে, ইউএনও স্যার আমাদের গণিতের ক্লাস নিয়েছেন। তিনি আমাদের নিয়মিত স্কুলে আসতে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করতে বলেছেন। তার কাছ থেকে ক্লাস করতে আমাদের খুব ভালো লেগেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, ইউএনও বিদ্যালয়ের নিচতলায় আনসার ভিডিপি'র একটি অনুষ্ঠানে এসেছিলেন। এ সময় তিনি আমাদের বিদ্যালয় পরিদর্শন করেন। শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি একটি শ্রেণির ক্লাসও নেন। তার এমন উদ্যোগে শিক্ষার্থীরা উৎসাহিত হয়েছে।

ইউএনও মো. আব্দুল্লাহ আল বাকি বলেন, আমার বাবা একজন শিক্ষক ছিলেন। তাই সময় ও সুযোগ পেলেই শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার পাশাপাশি তাদের পড়াশোনার খোঁজখবর নিই। আমারও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার ইচ্ছা ছিল। আজ শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পড়ানোর সুযোগ পেয়ে ভালো লেগেছে। একটি অনুষ্ঠানে যোগ দিতে বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের একটি ক্লাস নেওয়ার সুযোগ হয়। শিক্ষার্থীদের সঙ্গে শ্রেণিকক্ষে সময় কাটানো এবং পড়ানোর অভিজ্ঞতা আমার জন্যও আনন্দের।

ইউএনওর এমন উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ ও উৎসাহ তৈরি হয়েছে বলে জানান শিক্ষক-অভিভাবকেরা। বিদ্যালয় পরিদর্শনের পাশাপাশি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলা এবং পাঠদানে অংশ নেওয়াকে তারা ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত