ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে পাচার হওয়া ১৮ বাংলাদেশি দেশে ফিরেছেন বলে জানিয়েছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। এদের মধ্যে ছয়জন পুরুষ, নয়জন নারী ও তিন শিশু রয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি যশোর, খুলনা, পঞ্চগড়, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, গোপালগঞ্জ, বরিশাল, নরসিংদী, চট্টগ্রাম, দিনাজপুর ও লালমনিরহাটের বিভিন্ন এলাকায়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে তারা বিভিন্ন সময়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের কলকাতায় গিয়েছিলেন। সেখানে বাসাবাড়ি ও ক্ষেত-খামারে কাজ করার সময় সেদেশের পুলিশের হাতে আটক হন তারা। আটকের পর তাদের আদালতে পাঠানো হয়।

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের কাউকে ছয় মাস, কাউকে এক বছর, কাউকে আবার দুই-তিন বছর সাজা দিয়ে কারাগারে পাঠান।

তিনি জানান, এদের মধ্যে আনজু বেগম নামে এক নারী ১৫ বছর কারাভোগ করেন। কারাভোগ শেষে ভারতের কলকাতার একটি মানবাধিকার সংস্থা দায়িত্ব নিয়ে তাদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার বিকেলে তারা দেশে ফেরেন।

এরপর মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর তাদের গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানান তিনি।

জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে তাদের শেল্টার হোমে রাখা হয়েছে। তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।